নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের একটি বসতবাড়ির পাশে থাকা গোয়ালঘর থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে খামারপাড়া গ্রামের মো. ইউনুস আলীর (৬০) বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। ব্যাগটি দেখতে গিয়ে এর ভেতরে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বস্তুর দৈর্ঘ্য আনুমানিক পাঁচ ইঞ্চি। এগুলো লাল কসটেপ দিয়ে মোড়ানো ছিল এবং একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে রাখা অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গরু রাখেন। পরদিন রোববার ভোর ৬টার দিকে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে এসব বস্তু দেখতে পান তারা। তবে এগুলো কীভাবে সেখানে এলো, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গোয়ালঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বস্তুগুলো সেখানে কে বা কারা রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এসকে/এনএম
আরো পড়ুন : অপ্রতীম হত্যার রহস্যে নতুন মোড়, সিসিটিভির সূত্রে আটক ৩
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.