
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ৭৫০টি ভারতীয় কম্বলভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে পূর্বধলা থানার জালশুকা এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ডিবি-পশ্চিমের এসআই মো. আব্দুল জলিল ও এসআই ইমন পালের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশির সময় একটি পুরোনো ‘অশোক লেল্যান্ড’ কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।
তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৭৫০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ সময় গাজীপুরের সুরুজ মিয়া (৪২) ও ময়মনসিংহের মামুনুর রশিদ (২০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশাহেব (৪০) নামে আরও এক সদস্য পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এসকে/এনএম
আরো পড়ুন : যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















