
মনির হোসেন, যশোর প্রতিনিধি || এসকেনিউজ২৪
যশোরে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একদিনে পৃথক দুটি ঘটনা সামনে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে শার্শায় ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের পুরোনো মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটে শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মোছা. হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং মো. সাকিব হোসেন রানা (২৫)কে গ্রেপ্তার করা হয়।
হালিমা খাতুন শার্শার বুরুজবাগান দক্ষিণ এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ আল-আমিন (২১)কে গ্রেপ্তার করা হয়।
পরে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন
অন্যদিকে, শার্শা উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের ফেনসিডিল মজুদের মামলায় বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত।
বৃহস্পতিবার যশোরের বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়ার বাড়িতে ফেনসিডিল মজুদ করা হয়েছে। পরে বিজিবি সদস্যরা ওই বাড়ির কাছে গেলে বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে উঠানের চুলার ভেতর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবু মিয়া ও রেখা খাতুনকে পৃথকভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত দুজনই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
এসকে/জেএম
আরো পড়ুন : হাজিরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী তরুণ রাজনীতিবিদ ইন্জিনিয়ার মো: সাহাদাত হোসেন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















