
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। পূর্বে নিয়োগপ্রাপ্ত প্রশাসক অন্যত্র বদলি হওয়ায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে তাঁকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কান্দিউড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. নজরুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
জানা গেছে, মো. নজরুল ইসলাম গত ১ সেপ্টেম্বর নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দুয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়ন পরিষদেও প্রায় দেড় বছর প্রশাসকের দায়িত্ব পালন করেন।
মো. নজরুল ইসলামের পিতা মো. হবিউল্লাহ এবং মাতা মৃত হাজেরা খাতুন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা প্রয়োগ করে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এসকে/এনকে
আরো পড়ুন : গুলশানে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল : ৭ জন কারাগারে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কেন্দুয়ায় কান্দিউড়া ইউপির নতুন প্রশাসক হলেন মো. নজরুল ইসলাম”