
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার বারহাট্টায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে উপজেলার বৃকালিকা গ্রামে নিজ বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি দগ্ধ হন।
নিহত শিউলী রানী বিশ্বাস বারহাট্টা উপজেলা শহরের বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে রান্নাঘরসহ পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিউলী রানী গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, শিউলী রানীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশী কাজল চন্দ্র দাস জানান, আগুনে মিন্টু বিশ্বাসের ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে। শিউলী রানীর শরীরের অধিকাংশ অংশই আগুনে ঝলসে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর দগ্ধ শিউলী রানীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় যুবদল নেতা পলাশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















