নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার মোহনগঞ্জে টাকার বিনিময়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিজিবি সদস্য ও নির্বাচন অফিসে কর্মরত একজন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন— টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মৃত আ. জলিলের ছেলে মো. জিয়া উদ্দিন (৪০), মৃত রইছ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আমীন (৪২), মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের সিরাজুল হকের ছেলে মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আটজনের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে কর্মরত, সোহেল রানা বিজিবির সদস্য এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া কমল মিয়া সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, মোহনগঞ্জ উপজেলার একটি স্থানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় আটজনকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা বা বাহিনীর সদস্য থাকার বিষয়টি শোনা যাচ্ছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিতে কর্মরত কেউ রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এমন কাউকে পাওয়া গেলে তার পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটি আইনানুগ প্রক্রিয়ার অংশ।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.