
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বিষয়টি জানাজানি হয়। পরে রাত সোয়া ৯টার দিকে অসুস্থ অবস্থায় অভিযুক্ত শিক্ষককে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে শিশুটির পড়াশোনায় অনাগ্রহ দেখা দিলে তার বাবা-মা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সোমবার তাকে সুধারাম থানার এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের দাবি, সেখানে শিশুটি জানায়—মাদরাসাশিক্ষক মোবারক হোসেন এমরান গত পাঁচ থেকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পরিবারের আরও অভিযোগ, শিক্ষক নিজের বাসায় প্রাইভেট পড়ানোর সময় শিশুটিকে ধর্ষণ করেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এসকে/এনএম
আরো পড়ুন : বসতঘরের মাটির নিচে মিলল ইয়াবা, কেন্দুয়ায় গ্রেফতার ১
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা”