
জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
সড়ক ও ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নেত্রকোণা পৌরসভা দখলমুক্তকরণ অভিযান শুরু করেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভার মোড় থেকে ছোট বাজার, বড় বাজার, মেছুয়া বাজার হয়ে আখড়ার মোড় পর্যন্ত সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় পৌরসভা এ কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, অভিযান শুরুর আগে গত চার দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও অন্যান্য স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামীকাল থেকে পুনরায় ফুটপাত কিংবা সড়ক দখল করে কোনো ধরনের দোকানপাট স্থাপন না করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সতর্ক করার পরও কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপন করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অবৈধভাবে স্থাপিত দোকানের মালামাল জব্দ করা হবে বলেও জানানো হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করছেন এবং পৌর শহরকে দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
নেত্রকোনা পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান, নেত্রকোণা পৌর শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব রাখতে পৌরবাসী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ বলেছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত সবার জন্য উন্মুক্ত রাখার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনডি
আরো পড়ুন : ফ্যামিলি কার্ডের আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ : নেত্রকোণায় এনসিপি নেত্রী আটক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নেত্রকোণা পৌর শহরে ফুটপাত-সড়ক দখলমুক্ত অভিযান, অবৈধ দোকান সরানোর নির্দেশ”