বিশেষ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বাস যুক্ত হয়েছে। বাসটির চলাচল ও ব্যবহারোপযোগিতা যাচাইয়ের প্রয়োজনে আজ সোমবার সকাল ৯:২০টায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন বাসে করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে অস্থায়ী ছাত্র হল, সাতপাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখান থেকে স্থায়ী ক্যাম্পাসে পৌঁছে সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় মাননীয় উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণ এবং একাডেমিক কার্যক্রমের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সেবা আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগে সহযোগিতার জন্য আমি পূবালী ব্যাংক পিএলসি-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।’
এ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন বাসটি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত পরিবহণ সেবায় যুক্ত হলো।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ভবনের সম্মেলন কক্ষ-০২-এ সম্মানিত শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষকরা তাঁদের মতামত ও দাবিদাওয়া উপস্থাপন করলে উপাচার্য তা নোট করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর সুচিন্তিত পরামর্শ ও পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ‘কমপক্ষে প্রতি দুই মাস অন্তর শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।’ সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এসকে/এনপি
আরো পড়ুন : নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ-ব্যবস্থায় যুক্ত হলো নতুন বাস
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.