নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও সীমান্তবর্তী দুর্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। ধারাবাহিক সাফল্যে শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক অর্জন করেছেন তিনি।
গত আগস্ট মাসে দুর্গাপুর থানার সার্বিক পুলিশি কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর থানার ওসি হিসেবে যোগ দেন খন্দকার শাকের আহমেদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই পাহাড় ও সীমান্তঘেঁষা দুর্গম এলাকায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
এর আগে মে ও আগস্ট মাসে ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জেও শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এছাড়া জামালপুর ও ময়মনসিংহে দায়িত্ব পালনকালেও একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।
নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আগস্ট মাসে জেলার বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ পুলিশি কার্যক্রমের ভিত্তিতে কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এ অর্জন শুধু তার একার নয়; দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার পেয়েছেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতেও দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে।
এসকে/এনএম
আরো পড়ুন : ফয়সাল হত্যা: আসামিদের গ্রেফতার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.