কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
সম্প্রতি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজারে তাৎক্ষণিক জনসভা ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মো. মিজানুর রহমান খান কায়সার (৫৫)। একই সঙ্গে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত লোকজনকে কায়সারের উদ্দেশে সমস্বরে বলতে শোনা যায়, “আপনাকে আমরা আমাদের পাশে চাই।”
মো. মিজানুর রহমান খান কায়সার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানান।
কায়সারের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুদয়াল সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেত্রকোণা জেলা যুবদলের সদস্য এবং কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০০৩ সালে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
সম্প্রতি একটি মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে ও মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে—এমন অভিযোগ তুলে এলাকাবাসী প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে ভবিষ্যতে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর আহ্বানে তিনি এ তাৎক্ষণিক জনসভায় অংশ নেন বলে জানান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান খান কায়সার বলেন, আমি এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তারা চাইলে অবশ্যই চেয়ারম্যান পদে প্রার্থী হবো। এলাকাবাসীর আহ্বানেই আজকের জনসভায় অংশ নিয়েছি। অতীতের ভুল-ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়েছি। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছি—কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না।
জনসভায় উপস্থিত মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও বক্তব্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে কায়সারের সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।
এসকে/এনকে
আরো পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.