নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যয় সংকোচন নীতি এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না করে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে চলতি মাসের শেষ নাগাদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তবে দেশের সব ইউনিয়নে একযোগে নির্বাচন আয়োজন অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন। তাই সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সব ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরা প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, পরীক্ষার সময় বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে—পরীক্ষার আগে অথবা পরীক্ষা শেষ হওয়ার পর ভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করছে কমিশন।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি নেতিবাচক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
এসকে/এনএম
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.