কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে বিএনপির একাংশের নেতৃত্বে রোয়াইলবাড়ী বাজারে এ মিছিল ও সমাবেশ হয় ।
বিক্ষোভকারীরা মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন,
বাবলুর বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, মাদক সম্রাট কে রে, বাবলু, বাবলু, মাদক সরদার কে রে, বাবলু, বাবলু,-এমন
বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম প্রমুখ ।
বক্তারা মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ মোস্তফা কামাল বাবলুর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নেত্রকোণা-৩ আসনের এমপির হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত মাদক কারবারির সঙ্গে বাবলুর টাকা লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ সময় উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হাসান তিতাস, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব এরশাদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে শেখ মোস্তফা কামাল বাবলু মুঠোফোনে বলেন, আমি মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার৷ যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক । তাছাড়া ভাইরাল ভিডিওটি অনেক পুরোনো উল্লেখ করে তিনি বলেন, দলীয় কার্যালয়ের ঘরটির মালিক আনিসুল হকের কাছে আমি ৫ হাজার টাকা পেতাম । তা-ই দিতে এসেছিলো জুয়েল । কিন্তু আমি নিই নি । নেয়ার ফুটেজও নেই । তিনি আরো বলেন, আমি দলীয় হাইকমান্ডের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবো৷
এসকে/এনকে
আরো পড়ুন : মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবতার মুক্তি : হাওলাপুরী পীর
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.