
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়ায় ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে এবং গাছের সঙ্গে মাথা চেপে ধরে গুরুতর আহত করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পরিবারের অভিযোগ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিয়া খাতুন ওই গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাগুলি গ্রামে ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে বুরুজ আলী, রফিক ও তাদের পক্ষের লোকজনের সঙ্গে তাইজ্জত মিয়ার পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধ মীমাংসায় একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বৈঠকও হয়েছে।
পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন আসিয়া খাতুনকে মারধর করা হয়। একপর্যায়ে গাছের সঙ্গে তার মাথা চেপে ধরে আঘাত করা হয় বলেও অভিযোগ পরিবারের।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা বলেন, ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় সালিসে তাদের পক্ষে সিদ্ধান্ত আসার পর জমিতে যেতে চাইলে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় আসিয়া খাতুনকে মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহতের পরিবারের আরও অভিযোগ, বুরুজ আলী ও তার পক্ষের লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে তারা জমি দখলে রেখেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বুরুজ আলীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। নিহতের পরিবার অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/এনএন
আরো পড়ুন : ভয়াবহ লোডশেডিংয়ে নেত্রকোণায় দিনে বিদ্যুৎ মিলছে মাত্র কয়েক ঘণ্টা
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.