নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বলাৎকারের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটির জবানবন্দী গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত কালী সাধন দত্তকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কালী সাধন দত্ত বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি পাশের গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান এবং মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। ফলে শিশুটি দাদির কাছেই থেকে পড়াশোনা করে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্কুল শেষে এক বন্ধুর বাড়িতে খেলতে গিয়ে ফেরার পথে একটি কুকুরের ভয়ে অভিযুক্তের বাড়িতে আশ্রয় নেয় শিশুটি। এ সুযোগে অভিযুক্ত তাকে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে কাছাকাছি থাকা দুই কিশোর ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত তাকে বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে দাদির কাছে পুরো ঘটনা জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার আওতায় আনে।
শুক্রবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/এনএম
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.