
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনায় ভাড়ায় নেওয়া একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার রহস্য উদ্ঘাটন করেছে মডেল থানা পুলিশ। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একজন ভাড়ায় মোটরসাইকেল চালক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি টিভিএস মোটরসাইকেল নিয়ে যাত্রী পরিবহনের কাজ করতেন। গত ১ আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে মোটরসাইকেলটি ভাড়া নেন। পরে নির্জন স্থানে নিয়ে চালকের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। এতে রাজি না হলে তাঁকে ভয়ভীতি দেখিয়ে মারধর করা হয় এবং মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে চল্লিশা বাজার পাগলার মোড় এলাকা থেকে মো. বাবর মিয়া (১৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার দেখানো স্থান থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম রোববার (০২ আগস্ট) বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : পূর্বধলায় নারান্দিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি মাছুম মোস্তফা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















