
সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। হাওর বাওর জলাশয় বেষ্টিত একটি প্রত্যন্ত জনপদ মোহনগঞ্জ।
হাওর পাড়ের বিশাল জনগোষ্ঠীর একমাত্র স্বাস্থসেবা কেন্দ্র এই মোহনগঞ্জ হাসপাতাল। এখানে শুধু মোহনগঞ্জের মানুষই নয় বরং জেলার খালিয়াজুরী, বারহাট্টা ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের একাংশসহ কয়েকটি উপজেলার সেবা প্রত্যাশি মানুষ এখানে স্বাস্থ্যসেবা নিতে আসেন।
অভিযোগ রয়েছে, হাসপাতালের আউটডোর সরকারি নিয়ম অমান্য করে দুপুর ১টার পরেই বন্ধ করে চিকিৎসকগণ প্রাইভেট চেম্বারে চলে যায়। যদিও সরকারি নিয়মানুযায়ী দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোর সেবা খোলা রাখার নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় সেবা প্রত্যাশি অসংখ্য মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুধবার (২৯ জুলাই) বেলা ১:০৯ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের আউটডোরে কোনো চিকিৎসক নেই, কাউন্টারে ছিল না কোনো কর্মচারী। শুধুমাত্র ডিসপেনসারিতে একজনকে কর্মরত দেখা যায়। এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাকে বিষয়টি অবগত করলে তিনি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসকে/এনএস
আরো পড়ুন : নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















