
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলার উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নূরুল হক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান কাজল এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
সভায় বক্তব্য দিতে গিয়ে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে তিনি নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্য অর্জনে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এর আগে সভার শুরুতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগত ইউএনওকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেত্রকোনা জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















