
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ার মুতাসিম হোসেন সিরাজী (৪৭) হত্যা মামলার ১৩ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা । অদৃশ্য কোনো শক্তির প্রভাবে আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা ।
সোমবার (২০ জুলাই) দুপুরে মামলার বাদী ও নিহতের বড় ভাই মাকদুম সামী কল্লোলসহ পরিবারের স্বজনরা এসব অভিযোগ করেন ।
মামলা সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাতে ঢাকার মিরপুরের পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের শীতলক্ষ্যা ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে বসবাসরত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মুতাসিম হোসেন সিরাজীর মৃত্যু হয় । ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় । পরে স্বজনরা মরদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান।
এ ঘটনায় গত ৭ জুলাই নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা রোফ ডরিন (৩৫), শাশুড়ি মোছা. নাছিমা (৫৫) এবং শ্যালক মো. দ্বীপ (২৫)-এর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় । যার মামলা নম্বর ১৮ (৭) ২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে ।
মামলার বাদী মাকদুম সামী কল্লোল বলেন, মামলার ১৩ দিন পেরিয়ে গেলেও পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না । আমরা চরম হতাশ ও ক্ষুব্ধ । জানি না, অদৃশ্য কী শক্তির কারণে এখনো আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। আসামি গ্রেপ্তারে পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না । তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বানও জানান ।
এ বিষয়ে মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল আউয়াল মুঠোফোনে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে । নিহতের স্বজনদের হতাশা ও ক্ষোভের কথা জানালে জবাবে তিনি বলেন, আমরা কাজ করছি এবং আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে । হতাশ হওয়ার কিছু নেই ।
উল্লেখ্য, নিহত মুতাসিম হোসেন সিরাজী কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রহিমপুর (গামরুলী) গ্রামের মৃত মুসলিম উদ্দিন আকন্দের ছেলে ।
এসকে/এনকে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















