
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখা ও রংধনু কচি-কাঁচার মেলার যৌথ উদ্যোগে শহরের নেত্রকোণা রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক ইকবাল আহমেদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর-বারহাট্টা (নেত্রকোণা-২) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, বাপার জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম ছোটন এবং জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন রিপন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই দেশের সবুজায়ন আরও বিস্তৃত হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া দিন দিন বৈরী হয়ে উঠছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
আলোচনা শেষে অতিথিরা নেত্রকোণা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এসকে/এনএম
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















