
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
“বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, ষাঁড়ের লড়াই প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া বাজারে ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের অনুষ্ঠিত হয় ।
ইদ্রিস আলী তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া (মজনু), বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী প্রমুখ।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ভারতীয় নাগরিক রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















