
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দ উদযাপন মুহূর্তেই পরিণত হলো শোকে। আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোণা পৌর শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনার সংলগ্ন একটি ভবনের ছাদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন দীপ্ত। ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় উদযাপনে শহরে আনন্দ মিছিল বের হলে সেই দৃশ্য ভিডিও ও ছবি ধারণের উদ্দেশ্যে তিনি শহীদ মিনার মোড়ের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীপ্তর মামা সুব্রত রায় বলেন, বিজয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে ভিডিও ধারণ করতে গিয়েছিল দীপ্ত। কিন্তু সেই আনন্দই মুহূর্তের মধ্যে পরিবারের জন্য আজীবনের শোকে পরিণত হলো। তার এই অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসকে/এনএম
আরো পড়ুন : ৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মেজর মোজাফফর গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















