নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বহুলী গ্রামে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের একটি পুকুর থেকে জুনাইদ আহমেদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনাইদ আহমেদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর থেকে জুনাইদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে নিখোঁজের বিষয়ে কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়ার সময় তারা খবর পান, বাড়ির সামনের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা গেছে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জুনাইদের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের দেওয়া সংবাদে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এসকে/এনজে
আরো পড়ুন : কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.