
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র প্রথম দুই পরীক্ষায় মোট ১১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে ।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র এ সব তথ্য নিশ্চিত করে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানায়, গত ২ জুলাই অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় এইচএসসিতে ৩৩ জন, আলিমে ৬ জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট অনুপস্থিতির সংখ্যা ছিলো ৫৪ জন । এছাড়া গত ৪ জুলাই অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এইচএসসিতে ৩৬ জন, আলিমে ৬ জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন । এদিন মোট অনুপস্থিতির সংখ্যা ছিল ৬১ জন ।
প্রথম দুই দিনে মোট ১১৫ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল বারী বলেন, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় কঠোর নজরদারি এবং নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করায় শিক্ষার্থীদের উপস্থিতির হার আগের তুলনায় কিছুটা কমেছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোরভাবে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে নজরদারি রয়েছে । ফলে আগের মতো অনিয়মের সুযোগ না থাকায় কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বানও জানান তিনি ।
এসকে/এনকে
আরো পড়ুন : এনটিভির ২৪ শে পদার্পণ : নেত্রকোনায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















