
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে দেন, প্রভাবশালী হলেও ছাড় নেই।
১৭ বছর আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতায় কেউ যদি এখনও মাদকের ব্যবসা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসিকে বলে দিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
আমার বা আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এ প্রভাব সাময়িক। তাই মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, তখন তাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
নারী উন্নয়নে সরকার নারী-বান্ধব নীতি নিয়ে কাজ করছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহায়তা দিচ্ছে। ওই অর্থ থেকে প্রয়োজনীয় খরচ মিটিয়ে নারীরা সঞ্চয়ও করছেন। সরকারের এ সহযোগিতার উদ্দেশ্য হলো—একজন মা যদি এই সহায়তা পান, সচেতন থাকেন এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে তার সন্তানরা শিক্ষিত হয়ে উঠবে। এতে পুরো জাতিই শিক্ষিত হবে। তাই এই অর্থ ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ। আমরা ভবিষ্যতের জন্য এই বিনিয়োগ করছি।
এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
এসকে/এলআই
আরো পড়ুন : শেষ হাসি হাসবে কে? ব্রাজিল নাকি আর্জেন্টিনা এ নিয়ে চলছে ভক্তদের যুক্তিতর্ক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















