
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে এক বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের মৃত উছমান গনির ছেলে ছাদেক মিয়া (৬৫) গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর আহত ছয়জনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোনায় মাদক ও সরকারি গাছ কাটার অপরাধে কারাদণ্ড-জরিমানা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















