
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া থানায় নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দিবাগত রাত (৩০ জুন) ১২টা ১৫ মিনিটে কেন্দুয়া থানায় মামলাটি রুজু করা হয়। মামলার বাদী উপজেলার ওয়াশেরপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুন দিবাগত রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকায় শহীদ মিনারের সামনে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কে সংঘটিত ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
মামলায় এস. এম. জাহাঙ্গীর চৌধুরী, কামরুজ্জামান খান সোহাগ, শাহীন মিয়া, মো. জাকির আলম, এনামুল কবির খান, শহিদুল ইসলাম বাবুল, তাজুল ইসলাম ভূইয়া, সারোয়ার জাহান কাওসার, তাপস ব্যানার্জী, আনোয়ারুল হক কনকসহ মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নাম উল্লেখসহ ৪৩ নাম্বারে অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করা হয়েছে। যাদের (প্রায়) সবাই (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটান। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমকে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে । আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।
এসকে/এনকে
আরো পড়ুন : ফেনসিডিলের মামলায় বেনাপোলে দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















