
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।
মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়। গত ২২ জুন মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম আদালতে দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে ইনু সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণ ও কথোপকথনের ভিত্তিতে অভিযোগ করেন, আন্দোলনকারীদের একটি অংশকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করার পরামর্শ এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইনুর ভূমিকা ছিল।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য, ভিডিও এবং অন্যান্য আলামত উপস্থাপন করা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধে ইনুর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে বলে আদালতে দাবি করা হয়।
এর আগে গত ১৪ মে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ইনুর পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী টানা নয় কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১০ মার্চ তা শেষ হয়। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















