
মনির হোসেন, যশোর প্রতিনিধি || এসকেনিউজ২৪
যশোর বিজিবি ২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার নামে এক চোরাকারবারীকে আটক করেছে।
আটক শাহাবউদ্দিন যশোর শার্শা উপজেলায় বেনাপোল বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গদখালি বাজার থেকে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিজিবির একটি দল অভিযানে ভোরে ঝিকরগাছার গদখালী বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে সাহাব উদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে সাহাব উদ্দিনের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১শ’৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল মোবাইল ফোন ও কিছু নগদ টাকা।
আটক শাহাব উদ্দিনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/জেএম
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















