
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে বুধবার (২৪ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটে বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল আজিজের বসতঘর থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার হারিয়াতলা গ্রামের মো. রুবেল মিয়া (৩০) ও মো. লাক মিয়া (২৫)।
পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা মো. সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন, সংরক্ষণ ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/এনএন
আরো পড়ুন : যৌতুকের দাবিতে নির্যাতনের পর স্ত্রী হত্যা: ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















