
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজে ইমামতি করার পর থেকে তাকে আর দেখা যায়নি। মাগরিবের সময় মুসল্লিরা মসজিদে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে এশার নামাজের সময়ও একই অবস্থা দেখে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইফতেখার আহমেদ জানান, সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছিল। এছাড়া ইমামের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহ সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ রয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি নিহতের নিজের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/এনএম
আরো পড়ুন :মদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ প্রোগ্রাম অনুষ্ঠিত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















