
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুই কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নেত্রকোণা। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। এছাড়া একটি টেকনো স্মার্টফোন, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি আইটেল বাটন ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে।”
তিনি মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসকে/এনএম
আরো পড়ুন : বিশ্বকাপে এক ম্যাচেই ৪ বিশ্বরেকর্ড, ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন মেসি
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















