
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ এলাকায় মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া কৃষক আবু হানিফ (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মদন উপজেলার ফচিকা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই শেখ মাহফুজুর রহমান আলমগীর।
নিহত আবু হানিফ আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
এর আগে শনিবার (২০ জুন) দুপুরে নাজিরগঞ্জ বাজার সংলগ্ন মগড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আবু হানিফ নাজিরগঞ্জ বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ডিঙ্গি নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে ওইদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ কিছুদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন এবং সম্প্রতি চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসকে/এনএফ
আরো পড়ুন : ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















