
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় স্থানীয়দের হাতে আটক তিনজন চিহ্নিত মাদক কারবারিকে পুলিশের কাছে সোপর্দ করার পর তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ।
গত শুক্রবার (১৯ জুন) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে
উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৯ জুন) সন্ধ্যায় পার্শবর্তী গ্রামের শামসুদ্দিনের ছেলে কাজল (৩৩) মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হোন । পরে এলাকাবাসী চিহ্নিত তিন মাদক কারবারিকে গণ ধোলাই দিয়ে আটক করে এসআই ফজলুল হকসহ পুলিশের একটি মোবাইল টিমের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ তাদেরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
পরে দায়িত্বরত চিকিৎসক একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করে, অপর একজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে চলে যান এবং অন্য আর একজন চিকিৎসাধীন অবস্থায় এক্স-রে করার কথা বলে হাসপাতাল থেকে বের হয়ে যান । রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেন নি বলে নিশ্চিত হওয়া গেছে জরুরি বিভাগ সূত্রে।
স্থানীয়দের অভিযোগ তাদের হাতে ধৃত ব্যক্তিরা পুলিশ হেফাজতে থাকার পরও পালিয়ে যেতে সক্ষম হওয়ায় বিষয়টি রহস্যজনক ও আমাদের ক্ষুব্ধ করেছে । তারা পুলিশ কর্তৃক আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ৷ এমনকি এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে ।
অভিযুক্তরা হলেন, চেংজানা এলাকার আজিজুল (৫০), তার ছেলে আসাদুল (৩০) এবং স্ত্রী সালেহা (৪৫)।
এছাড়াও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বাদী হয়ে চিহ্নিত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের হেফাজতে বা আটক অবস্থায় এ ধরনের কোনো ঘটনা ঘটে নি। বরং অভিযুক্ত ও আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ তবে অভিযুক্তের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত প্রক্রিয়াধীন ৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
এসকে/এনকে
আরো পড়ুন : প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক কারাগারে
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















