
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণায় সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ছাগলের খাদ্য বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। সরকারের “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বুধবার (১৭ জুন) সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর হাতে জনপ্রতি ২৫ কেজি করে ছাগলের খাদ্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফা পারভীন রিপা।
এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. আরিফা পারভীন রিপা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।
তিনি জানান, এর আগে প্রকল্পের আওতায় বিভিন্ন পরিবারকে হাঁস-মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘর নির্মাণের উপকরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদভিত্তিক আয়ের সুযোগ সৃষ্টি হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, পাশাপাশি তাদের সামাজিক অবস্থানেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) নেত্রকোণা জেলা শাখার চেয়ারম্যান শ্রীবাস ক্ষত্রিয়।
তিনি বলেন, সরকারের সহায়তা ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এসব কার্যক্রম তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখছে।
উপকারভোগীরা জানান, এ ধরনের সহায়তা তাদের প্রাণিসম্পদ লালন-পালনে ব্যয় কমাবে এবং আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা প্রত্যাশা করেন।
স্থানীয়দের মতে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বাস্তবমুখী ও টেকসই সহায়তা কর্মসূচি তাদের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসকে/এনএন
আরো পড়ুন : নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ে জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১৫
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















