
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করে চার ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন ) বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে সদর উপজেলার পারলা বৃহৎ মা’র মাজার সংলগ্ন এলাকা এবং বড়গাড়ায় (তেলিগাতী) পৃথক অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বুধবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানকালে আসামিদের বসতঘর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— পারলা এলাকার মো. আবুল কাশেম (৪৮), বড়গাড়া (তেলিগাতি) এলাকার মো. শ্রাবণ মিয়া (২২), তেলিগাতি এলাকার মো. রহিছ মিয়া (৪৩) এবং বড়গাড়া এলাকার মো. আল-আমিন (৩৮)।
পরে ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ঋত্বিক চৌধুরী তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আইন অনুযায়ী অর্থদণ্ডও আদায় করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক সেবন ও সংরক্ষণের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, জনস্বার্থে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এসকে/এনএন
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















