
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নিরাপদ খাদ্য নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভোক্তা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। একই সঙ্গে খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন-ব্যবসা বন্ধে আরও কঠোর আইন প্রণয়ন ও কার্যকর প্রয়োগের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত জেলা পর্যায়ের নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় এসব মতামত উঠে আসে।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য শুধু সুস্বাস্থ্যের জন্য নয়, একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনের পূর্বশর্ত। বাজার থেকে খাদ্যপণ্য কেনার সময় ভোক্তাদের সচেতনতা, খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ এবং নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এর ফলে একদিকে যেমন মৃত্যুহার বাড়ছে, অন্যদিকে চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে গিয়ে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়ছে এবং দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছে।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ বিষয়ে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন এবং কঠোর বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক আ.ন.ম. নাজিম উদ্দীন, সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. গোলাম মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় জেলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
এসকে/এনএন
আরো পড়ুন : আটপাড়ায় গাঁজাসহ মাদক কারবারী আটক
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















