
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অপহরণ করে মারধর, ভিডিও ধারণ এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরিফ হোসেন (২০) ঈদের ছুটিতে নিজ এলাকায় বেড়াতে এসে গত ১১ জুন রাতে অপহরণের শিকার হন। অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে এবং পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, অপহরণকারীরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধরের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শিহাব আহমেদ রাফু (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোন এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, অপহরণ, চাঁদাবাজি ও সাইবার হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জড়িত সকলকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















