
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সাদিয়া সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর প্রতিবেশী সালমা বেগম শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে ওঠে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
এসকে/এনআর
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















