
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতিকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এর আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় বাসটির সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বাসচালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে ২৬ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 
























