
নিজস্ব প্রতিনিধি ||sknews24bd
কলেজছাত্র আমির ফয়সাল হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে নেত্রকোণার মানুষ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার জেলা শহরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এরপর জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন তরুণ শিক্ষার্থীর প্রাণ ঝরে গেছে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বামুনিকোণা গ্রামে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে হামলায় গুরুতর আহত হন আমির ফয়সাল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এসকে/এনএন
আরো পড়ুন : মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















