
সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ, নেত্রকোনা || sknews24bd
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা জায়গা থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার থাতকুড়া গ্রামের মো. রবিন মিয়া (৩৫)।
তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে সাত দিন করে এবং রবিনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা জায়গায় বসে মাদক সেবন করছিল ওই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।”
এসকে/এনএস
আরো পড়ুন : জন সচেতনতামূলক অনুষ্ঠান “শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” অনুষ্ঠিত
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 




















