
নিজস্ব প্রতিনিধি :
ধর্মীয় উৎসবের আনন্দে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও এর ব্যাপকতা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ দেশে হিন্দু-মুসলিম একে অপরের ভাই; তাদের মধ্যে কোনো বিভেদ নেই। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়েই এ উৎসব যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে।
তিনি জানান, ময়মনসিংহ বিভাগের সর্বত্র শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিয়েও শঙ্কার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি।
পূজারি ও দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সনাতন ধর্মীয় নেতারা।
এসকে/এনএম
আরও পড়ুন : নেত্রকোণায় দুই হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















