
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :
‘সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’-এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ‘যাত্রা-নাটকের একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া হাবুল ও বাংলাদেশ টিভি ও বেতারের শিল্পী এবং উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. ওয়ালিউল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, যাত্রা – নাটক বোদ্ধা ও নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম খান।
আলোচক হিসেবে বক্তব্য দেন, যাত্রামোদী ও কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ ডিলার। তিনি সাহিত্য-সংস্কৃতি, বিশেষ করে যাত্রাশিল্পের বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানের আশ্বাস দেন।
এ ছাড়া বক্তব্য দেন চারণ সাংবাদিক ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী এবং বাংলা একাডেমির লোকসংগ্রাহক আবুল বাশার তালুকদার, যাত্রাভিনেতা মোজাম্মেল হক, কবি ও সাংবাদিক মহিউদ্দিন সরকার এবং চিন্তাজগৎ মানবিক কল্যাণ কেন্দ্রের সভাপতি মো. শাহ আলম তালুকদার প্রমুখ।
আলোচনায় বক্তারা যাত্রা-নাটকের অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং লোকজ সংস্কৃতিতে এর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে কেন্দুয়া উপজেলার যাত্রাশিল্পের অতীত গৌরব ও বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করেন তাঁরা। নতুন প্রজন্মের কাছে যাত্রাশিল্পের ইতিবাচক দিক তুলে ধরা এবং এ শিল্পের ঐতিহ্য সংরক্ষণে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
প্রধান আলোচক সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম খান যাত্রাশিল্প ও নাটকের ইতিহাস, ক্রমবিকাশ, স্বর্ণযুগ এবং বর্তমান বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, যাত্রাশিল্পের চর্চা, বিকাশ ও লালনে সমাজ এবং রাষ্ট্রের কার্যকর ভূমিকা ও পৃষ্ঠপোষকতা জরুরি। যুবসমাজের অবক্ষয় রোধে বাংলা তথা উপমহাদেশের প্রাচীন ও একসময়ের জনপ্রিয় লোকনাট্য যাত্রাশিল্পকে নতুন করে প্রাণবন্ত করে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় সাহিত্য-সংস্কৃতিপ্রেমী, যাত্রাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরও পড়ুন : পূর্বধলায় ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে শ্যালুমেশিন জব্দ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “যাত্রা-নাটকের একাল-সেকাল নিয়ে মুখর ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’”