
নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মরহুমের ছোট ভাই মোঃ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে তার চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। তার বাবা মনির উদ্দিন ছিলেন একজন ব্যবসায়ী।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ছিলেন।
আব্দুল হাই মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ পাস করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। একসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।
১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিলুপ্ত মুন্সীগঞ্জ-৪ আসনের প্রতিনিধিত্ব করেন। ঢাকা-৮ আসনে একবার এবং মুন্সীগঞ্জ-৪ আসন থেকে তিনবারসহ মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হাই। অষ্টম জাতীয় সংসদে নির্বাচিত হন প্যানেল স্পিকার। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
এসকে/এনএম
আরও পড়ুনঃ নজরুল বিশ্ববিদ্যালয়ে বল নিয়ে বিরোধ, চার দফা সংঘর্ষে হাসপাতালে ৬ শিক্ষার্থী
এসকেনিউজ২৪ । সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই”