
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট চলাকালে বল মাঠের সীমানায় যাওয়া নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, অগ্নিবীণা হল ও কলা ভবন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্টের সময় মাঠের বাউন্ডারির ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও পাশেই ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে খেলা শেষে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থীকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। পরে কলা ভবনের সামনে দুই পক্ষের শিক্ষার্থীরা জড়ো হলে প্রক্টরের উপস্থিতিতেই সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কলা ভবনের পেছনে কয়েকজন শিক্ষার্থীকে রড ও ক্রিকেট স্টাম্প দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তবে সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগও উঠেছে।
এদিকে, সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরটিভির প্রতিনিধি আবু তাহেরের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত শিক্ষার্থীদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রবিউল, সাকিব, রাফি ও রোমানের নাম জানা গেছে। অপর পক্ষের দিদারুল ইসলাম ত্রিশাল মেডিকেল সেন্টারে এবং সিফাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টরসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কখনোই কাম্য নয়। মোট ছয়জন আহত বলে জেনেছি। বিষয়টি নিয়ে পরে কথা বলতে পারব।”
ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এসকে/এনএম
আরও পড়ুনঃ https://sknews24bd.com/6685-2/
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নজরুল বিশ্ববিদ্যালয়ে বল নিয়ে বিরোধ, চার দফা সংঘর্ষে হাসপাতালে ৬ শিক্ষার্থী”