
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরে ঢুকে যৌন হয়রানির অভিযোগে মো. মাহমুদুল হাসান ওরফে মাক্কাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান ও ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও তাঁর আচরণে পরিবর্তন আসেনি বলে দাবি ভুক্তভোগীর।
এজাহার অনুযায়ী, গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে ওই নারীর স্বামী ও পরিবারের সদস্যরা স্বামীর এক ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় খোঁজ নিতে ছোনগাছা এলাকায় যান। এ সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাঁদের বসতঘরে প্রবেশ করে পেছন থেকে ওই নারীর মুখ চেপে ধরেন এবং তাঁর বুকে হাত দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ওই নারী ধস্তাধস্তি করে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং চিৎকার শুরু করেন। একপর্যায়ে রান্নার কাজে ব্যবহৃত লোহার একটি বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে যান বলে এজাহারে উল্লেখ রয়েছে। তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ওঠার দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের ভাষ্য, গত বছর তাঁর এক চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট একটি অভিযোগও সিরাজগঞ্জ সদর থানায় দেওয়া হয়েছিল। তবে ওই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ফলে আগের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কাঠের পুল এলাকা থেকে রাত ৮টা ২০ মিনিটে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
এসকে/এনএম
আরও পড়ুন : নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে যৌন হয়রানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার”