
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান।
সভায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা উদযাপন কমিটির দায়িত্ব এবং পূজা চলাকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর ব্যবহার, পর্যাপ্ত আলোকসজ্জা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। কোনো গুজব বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
এসকে/এনকে
আরও পড়ুন : কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















One thought on “কেন্দুয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা : ৪৪ পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনা”