
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নেত্রকোণার উদ্যোগে মোহনগঞ্জ থানার টেংগাপাড়া ও মাইলোরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি মাদক সেবনের দায়ে ছয়জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—টেংগাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে রানা মিয়া (২৭), মাঘান গ্রামের রুকন মিয়ার ছেলে আসিফ মিয়া (২১), নওহাল গ্রামের ইনছান মিয়ার ছেলে আল মামুন তালুকদার (২৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরারবন গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৪২), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৪) এবং মোহনগঞ্জের দেওথান গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে রাজন আহমেদ (৩৫)।
এর মধ্যে রানা মিয়া ও সাহাব উদ্দিনকে ১৫ দিনের, আসিফ মিয়া ও সবুজ মিয়াকে ২০ দিনের, আল মামুন তালুকদারকে দুই মাসের এবং রাজন আহমেদকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
পরে দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















