
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, কার্ড দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়া বা তালিকা তৈরিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনজীবী হিসেবে তিনি নিজেই বাদী হয়ে ফৌজদারি মামলা করবেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় এবং পরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র, অসহায় ও কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। দল-মত, ধর্ম-বর্ণের পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে উপকারভোগী নির্বাচন করতে হবে। তালিকা তৈরির ক্ষেত্রে একেবারে প্রান্তিক পর্যায় থেকে কাজ শুরু করে ঘরহীন, কুঁড়েঘর বা ছাপড়া ঘরে বসবাসকারী মানুষদের চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে কার্ড বিতরণে যেসব ভুল ও অনিয়ম হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী বা সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলার বিরিশিরী ইউনিয়নের কাপাসকাটিয়া ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ১ হাজার ১৭০ জন কৃষকের তথ্য সন্নিবেশিত হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে ৮৫ জন নারী কৃষক ও ১ হাজার ৮৫ জন পুরুষ কৃষক রয়েছেন।
অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নুরুসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : বাউসী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হাফেজ আল আমিন তালুকদার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















